ইরাকের শিয়া নেতা মুকতাদা আল-সদর দেশটিতে সম্মিলিত জাতীয় সরকার গড়ার চেষ্টা করছেন। বৃহস্পতিবার সাদরিস্ট মুভমেন্টের নেতা হিসেবে তিনি বলেন, গত মাসে ইরাকে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে সাদরপন্থীদের রাজনৈতিক জোট সাইরুন অ্যালায়েন্স সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

উত্তর ইরাকের নাজাফ শহরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিয়া সম্প্রদায়ের নেতা মুকতাদা আল-সদর বলেন, সমগ্র বিশ্ব দেখেছে যে ইরাকে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এখন আমাদের সামনে দু’টি পথ খোলা আছে, হয় ইরাকের সকল সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সম্মিলিত জাতীয় সরকার গঠন করা অথবা একটি সম্মিলিত বিরোধী জোট গঠন করা।

তিনি ইরান সমর্থিত হাশদ আল-শাবি মিলিশিয়া বাহিনীকে অনিয়ন্ত্রিত বলে আখ্যায়িত করেন। এ বিষয়ে মুকতাদা আল-সদরের মতামত হলো, এ বাহিনী ভেঙে দেয়া দরকার। এছাড়া ইরান সমর্থিত এ বাহিনীর সকল অস্ত্র ইরাকি সরকারকে দিয়ে দেয়ার কথাও বলেন তিনি।

১০ অক্টোবর তারিখে অনুষ্ঠিত ইরাকের পার্লামেন্ট নির্বাচনে সাদরপন্থীরা বড় ধরনের জয় পেয়েছে। তারা ৩২৯ আসনের মধ্যে ৭৪ আসন পায়। যদিও ইরাকের নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেনি।

সূত্র : মিডল ইস্ট মনিটর