মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটের সেনারা পূর্ব সিরিয়াতে এয়ারবর্ন অভিযান চালিয়েছে। এ সময় তারা অসংখ্য বেসামরিক সিরিয়ান ব্যক্তিদের অপহরণ করে বলে জানিয়েছে সিরিয়ান কর্তৃপক্ষ। সোমবার পূর্ব সিরিয়ার দেইর-ইজ-জোর প্রদেশের আল-বুসায়রাহ শহরে মার্কিন সামরিক জোট এ এয়ারবর্ন অভিযান চালায় বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

আল-বুসায়রাহ শহরটি সিরিয়ার ওয়াইপিজি ও পিকেকে উগ্রবাদী গোষ্ঠীর দখলে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার সকালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের জঙ্গি বিমানগুলো আল-বুসায়রাহ শহরের আকাশ দিয়ে উড়তে থাকে। এ সময় বিমান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটের সেনারা শহরে অবতরণ করেন। ওই সেনারা অবতরণ করার পর এক ঘণ্টা ধরে গোলাগুলির আওয়াজ শোনা গিয়েছিল।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, এ অভিযানের সময় মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটের সেনারা অসংখ্য বেসামরিক ব্যক্তিদের অপহরণ করেছে।

সূত্র : আনাদোলু এজেন্সি