ইয়েমেনের সামরিক বাহিনীর সূত্রে বলা হয়েছে যে দেশটিতে হাউছিদের হামলায় সৌদি সামরিক জোটের ১৪ সুদানি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সৌদি সামরিক জোটের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ করে এসব সুদানি সেনাকে হত্যা করা হয়। সৌদি আরবের সীমান্তের কাছে ইয়েমেনের হাজ্জাহ গভর্নরেট প্রদেশের হারাদ জেলায় এ হামলা চালানো হয়।
সৌদি আরবের সামরিক জোটের সদস্য দেশ হিসেবে ২০১৫ সাল থেকেই সুদান ইয়েমেন যুদ্ধে যুক্ত হয়ে পড়েছে। এ সৌদি সামরিক জোটের সাথে ইরানের সমর্থনপুষ্ট হাউছি বিদ্রোহীদের লড়াই হচ্ছে। এ দু’পক্ষের ভয়ঙ্কর যুদ্ধের কারণে ইয়েমেনে চরম মানবিক সঙ্কট চলছে। চরম মানবিক সঙ্কটের দিক দিয়ে এখন বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে ইয়েমেন নামের এ দেশটি।
এদিকে সুদান বিশ্বের অন্যতম গরীব দেশ। তারা ইয়েমেন যুদ্ধে ১০ হাজার সেনা পাঠিয়েছে। এসব সেনারা মূলত জানজাউইদ মিলিশিয়া গোষ্ঠীর সাথে সম্পর্কিত। এসব মিলিশিয়ারা দারফুর এলাকায় নৃশংসতা চালিয়েছিল।
সূত্র : মিডল ইস্ট মনিটর








