ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ বলেছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর যথার্থ নজরদারির শর্তে দেশটির সাথে পরমাণু চুক্তিকে সমর্থন করবে ইসরাইল।

সোমবার ইসরাইলের আইন পরিষদ নেসেটের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক কমিটির এক বৈঠকে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা এমন চুক্তির বিরোধিতা করছি যাতে ইরানের পরমাণু কার্যক্রম, ইরানের অর্থ ও ইরানের সন্ত্রাসী নেটওয়ার্কের ওপর কোনো প্রকৃত নজরদারির সুযোগ না থাকে।’

তিনি আরো বলেন, তেলআবিব তেহরানকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার অনুমতি দেবে না এবং প্রয়োজনে দেশের ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার স্বার্থে একাকি পদক্ষেপ নেবে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলি গোয়েন্দারা মিত্রদেশগুলোর সহায়তায় তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে যে ‘ইরান কৌশলে সারাবিশ্বকে ধোকা দিচ্ছে।’

এদিকে সোমবার থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সাথে পরমাণু চুক্তি পুনরুজ্জীবনে বিশ্বশক্তির নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইরান চুক্তি পুনরুজ্জীবনের জন্য দেশটির ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর