পশ্চিম তীরের উত্তরাঞ্চলে এক ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য প্রকাশ করেছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কারাওয়াত বনী হাসান শহরের বাসিন্দা আমির আতেফ রাইয়ান নামের ওই ফিলিস্তিনি যুবক সালফিট শহরে অবস্থান করার সময় তাকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, আমির আতেফ রাইয়ান ছুরি দিয়ে হামলার চেষ্টা করেছিলেন বলে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়নায়কের দেয়া তথ্যানুসারে, ২০২১ সালের শুরু থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনী গাজা ও পশ্চিম তীরের ৩২৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর






