ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রইসি বলেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে তার ইতিহাসে দুর্বলতম অবস্থানে রয়েছে। ইরান ও রাশিয়ার মতো স্বাধীন দেশগুলোর প্রতিরোধের কারণেই তাদের ‘আধিপত্যের কৌশলে’ ছেদ পড়েছে।

বৃহস্পতিবার রাশিয়ার পার্লামেন্ট দুমায় দেয়া এক ভাষণে এই কথা বলেন তিনি।

রইসি বলেন, ‘আধিপত্যের কৌশল বর্তমানে ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্র তার সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। স্বাধীন দেশগুলো তাদের ক্ষমতার ঐতিহাসিক বৃদ্ধির অভিজ্ঞতা নিচ্ছে।’

তিনি বলেন, আধিপত্যের ভিত্তিতে তৈরি বিশ্ব ব্যবস্থা জাতিগুলোর মধ্যে যুদ্ধ, সহিংসতা, অনিরাপত্তা ও বিভেদ ছাড়া আর কোনো ফল নিয়ে আসতে পারেনি।

ইবরাহিম রইসি বলেন, সন্ত্রাসের সাথে যুক্তরাষ্ট্রের ‘অশুভ জোট’ সারাবিশ্বের কাছেই স্পষ্ট হয়ে পড়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক দখলদারিত্ব নীতির ব্যর্থতার মূল কারণ বিশ্বের দেশগুলোর প্রতিরোধ।

বক্তব্যে প্রতিবেশী ও মিত্রসহ বিশ্বের সকল দেশের সাথে ‘সর্বোচ্চ সংযোগ’ বিস্তারের জন্য ইরানের প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি।

এর আগে রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে রাশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার তেহরান থেকে মস্কো যান ইবরাহিম রইসি। ক্ষমতা গ্রহণের পর ইরানি প্রেসিডেন্টের এটিই প্রথম রাশিয়া সফর।

সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন তিনি। এছাড়া দুমায় ভাষণ দেয়া ছাড়াও রাশিয়া প্রবাসী ইরানি এবং রুশ ব্যবসায়ীদের সমাবেশে অংশ নেন রইসি।

সূত্র : প্রেস টিভি