যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ইরানকে আগস্টের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার এক ফোনালাপে এই সময়সীমা নির্ধারণে রাজি হন তারা।
বুধবার (১৬ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সূত্রে এ তথ্য জানিয়েছে তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি।
বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, যদি এই সময়সীমার মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে তিন ইউরোপীয় শক্তি ২০১৫ সালের ইরান চুক্তির অধীনে প্রত্যাহার করা জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সব নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করবে।
সূত্রগুলো জানিয়েছে, এই ফোনালাপের লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা পুনরায় আরোপের বিষয়ে অবস্থান এবং ইরানের সাথে পারমাণবিক কূটনীতিতে এগিয়ে যাওয়ার পথের সমন্বয় সাধন।
দু’টি সূত্রের মতে, ইউরোপীয়রা এখন আগামী দিনগুলোতে ইরানের সাথে যোগাযোগ করার পরিকল্পনা করছে। তারা ইরানকে এই বার্তা দিতে চায়, তেহরান যদি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ পুনরায় শুরু করাসহ তার পরমাণু কর্মসূচি সম্পর্কে বিশ্বকে আশ্বস্ত করার পদক্ষেপ নেয় তবে তারা নিষেধাজ্ঞাগুলো এড়াতে পারে।






