সিরিয়ার দ্রুজ অধ্যুষিত সুয়েইদা প্রদেশে গত কয়েক দিনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৯৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা। বৃহস্পতিবার সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকার।
সুয়েইদা থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত রোববার থেকে সুয়েইদায় দ্রুজ যোদ্ধাদের সাথে বেদুইন গোত্র এবং সেনাবাহিনী ও তাদের মিত্রদের সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সুয়েইদা শহরের পরিস্থিতি ছিল জনশূন্য। দোকানপাট লুট হয়েছে, ঘরবাড়ি পুড়ে গেছে এবং রাস্তায় লাশ পড়ে ছিল।
গত মঙ্গলবার সরকারি সেনা মোতায়েন ও ইসরাইলের সামরিক হস্তক্ষেপের কারণে সাম্প্রদায়িক রক্তপাত আরো বেড়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এক টেলিভিশন ভাষণে বলেন, ‘সর্বোচ্চ জাতীয় স্বার্থের’ কথা মাথায় রেখে সুয়েইদায় নিরাপত্তার দায়িত্ব আবার স্থানীয় সম্প্রদায়ের নেতাদের হাতে ফিরিয়ে দেয়া হবে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার থেকে সুয়েইদা প্রদেশে সংঘর্ষে ৫৯৪ জন নিহত হয়েছেন।
এদিকে জাতিসঙ্ঘের মানবিক-বিষয়ক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, এই সহিংসতার কারণে দক্ষিণ প্রদেশের প্রায় দুই হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
সরকারি বাহিনী সুয়েইদায় অবস্থান নেয়ার পর ইসরাইল সেখানে একের পর এক বিমান হামলা চালায়। শুধু সুয়েইদা নয়, রাজধানী দামেস্কের সামরিক সদর দফতরসহ বিভিন্ন স্থাপনায়ও ইসরাইল হামলা চালায়। সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত হামলা জোরদার হবে বলে জানায় ইসরাইল।
সূত্র : বাসস






