করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা না নেয়া ব্যক্তিদের জন্য লকডাউনের ঘোষণা দিয়েছে জার্মানি। বৃহস্পতিবার বিদায়ী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও তার উত্তরসূরি ওলাফ শুলজ যৌথ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে টিকা না নেয়া ব্যক্তিদের সুপারমার্কেট ও ফার্মেসির মতো অতি প্রয়োজনীয় কাজ ছাড়া অন্য সব স্থানে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের বিস্তারে আঞ্চলিক নেতাদের সাথে আলোচনার পরে এই ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যারা সম্প্রতি ভাইরাস থেকে সেরে উঠেছে, তারা এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।

এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে জার্মানিতে বাধ্যতামূলক টিকার নিয়ম চালু করার পরিকল্পনা করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান তারা।

পার্লামেন্টের মাধ্যমে আলোচনার প্রক্রিয়ায় সদস্যদের ভোটের মাধ্যমে এই প্রস্তাব পাস হলে আগামী ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হতে পারে বলে জানা গেছে।

কঠোর বিধিনিষেধের অধীনে, টিকা নেওয়া ব্যক্তিরা কেবল অন্য পরিবারের দুজনের সঙ্গে দেখা করতে পারবে।

এ ছাড়া যেসব এলাকায় সপ্তাহে প্রতি এক লাখ মানুষের মধ্যে ৩৫০ জনের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে, সেসব এলাকার পানশালা ও নাইটক্লাবগুলো বন্ধ করতে হবে। এ ছাড়া দেশটি ফুটবল ম্যাচের মতো বড় ইভেন্টে লোকের সংখ্যাও সীমিত করবে বলে জানা গেছে।

সূত্র : সিএনএন