ইউক্রেনে সঙ্ঘাত বাড়লে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের সভাপতি উরসুলা ফন ডের লেইন। শুক্রবার তিনি এমন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জার্মানির একটি ব্যবসা-বাণিজ্য বিষয়ক সংবাদপত্র হ্যান্ডেলস্ব্লাটকে উরসুলা ফন ডের লেইন বলেন, ‘আমরা (ইউরোপিয়ান ইউনিয়ন) রাশিয়ার ওপর কঠোর ও সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি।’
তিনি বলেন, এসব নিষেধাজ্ঞার আওতায় রাশিয়াতে কোনো বৈদেশিক অর্থ প্রবেশ করবে না। রাশিয়ার রফতানি বাণিজ্য নিয়ন্ত্রণ করা হবে। এমনকি রাশিয়ার প্রযুক্তি পণ্যের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হবে।
ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের সভাপতি জোর দিয়ে বলেন, তাদের লক্ষ্য রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেয়া।
এছাড়া বাল্টিক সাগরে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনের ওপর নিষেধাজ্ঞা দেয়ার কথা বলেছেন উরসুলা ফন ডের লেইন। এছাড়া পুতিন ও তার মিত্রদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথাও উল্লেখ করেছেন তিনি।
সূত্র : আনাদোলু এজেন্সি






