ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড নিয়ে শঙ্কা প্রকাশ করে ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টির ব্যাখ্যা চেয়েছে দেশটি। শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এমন তথ্য প্রকাশ করেছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, আমরা ভিয়েনা চুক্তির ৩ নম্বর অনুচ্ছেদ অনুসারে (রাশিয়ার সাথে) সামরিক ঝুকি কমানোর জন্য রাষ্ট্রীয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা রাশিয়াকে অনুরোধ করেছি যেন তারা তাদের সামরিক কর্মকাণ্ডগুলোকে ব্যাখ্যা করে। রুশ কর্তৃপক্ষ ইউক্রেন সীমান্তে ও দখলকৃত ক্রিমিয়াতে যে সকল সামরিক কর্মকাণ্ড চালাচ্ছেন তার ব্যাখ্যা চাই আমরা।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভিয়েনা চুক্তি অনুসারে রাশিয়াকে তাদের সামরিক লক্ষ্য, তাদের সামরিক কর্মকাণ্ড চালানো স্থান, তারা কত দিন পর্যন্ত তাদের এ কার্যক্রম চালাবেন তার ব্যাখ্য করতে হবে। এছাড়া রাশিয়া কোন ধরনের সামরিক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের অধীনে আর কোন দেশ কাজ করছে, তারা কোন ফরমেশনে তাদের কার্যক্রম চালাবেন এবং রাশিয়ার এ সামরিক কর্মকাণ্ডে কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে তাও ওই ভিয়েনা চুক্তি অনুসারে ব্যাখ্যা করতে হবে।
তিনি আরো বলেন, ভিয়েনা চুক্তিতে অংশ নেয়া অন্য দেশগুলোর মতো রাশিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের সামরিক কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে হবে। রাশিয়া তাদের সামরিক কর্মকাণ্ডের জবাব না দিলে ইউক্রেন কর্তৃপক্ষ এ বিষয়টি নিয়ে তাদের প্রশ্ন করবে।
সূত্র : ইয়েনি শাফাক






