এখনকার গুমোট মহামারীর দিনগুলো যেন কেমন গম্ভীর-মনমরা। বাসা থেকে বের হওয়া নিষেধ। দেখাও যায় না এমন অতি ক্ষুদ্র অস্তিত্ব আমাদের রীতিমতো ভয় দেখিয়ে বেড়াচ্ছে। অথচ, সুস্থ সময়ে আমরা মন খারাপ বিকালগুলোও সুন্দর করে উদযাপন করতাম!
কারণে, অকারণে কিংবা অতি কারণে যখন আমাদের মনটা ভারী হয়ে যেত, কিছু বোঝা নামিয়ে নিতে আমরা মাঝেমাঝে হাঁটতে বেরিয়ে যেতাম। দূরে না, হয়তো কাছেপিঠে কোথাও। হাতের মুঠোয় করে সাথে নিতাম কাছের একটা মানুষকে। টুকটাক গল্প করতাম। অল্প অল্প হাঁটতাম। কারোর কোলের বাচ্চাটা হয়তো খুব মিষ্টি! দুই বোন বা বান্ধবী হয়তো রঙ মিলিয়ে জামা গায়ে দিয়েছে। পেয়ারাওয়ালার সাথে ঝালমুড়িওয়ালা কী কারণে যেন বিতিকিচ্ছিরি ধরনের ঝগড়া করছে! নিউজ পেপার পেতে ওজন মাপার মেশিন নিয়ে রাস্তার পাশে কারেন্টের খাম্বার ধারে বসা বাচ্চা ছেলেটা সাবধানে টাকা গুনছে। ডানে বামে তাকিয়ে আমরা এই সেই দেখতাম। হয়তো হাসতাম কিংবা কিছু একটা দেখে একটু মন কেমন করে উঠত। ফাঁকে ফাঁকে আমি আর আমার সাথের মানুষ মিলে আকাশপাতাল গল্প করতাম। সামনে কোনো ফুচকার গাড়ি পেলে টুপ করে বসে যেতাম। খাওয়া শেষে মামার টাকা কে দেবে এই নিয়ে অল্প বিস্তর খুনসুটি হতো! এভাবে সন্ধ্যা গড়ালে যখন বাসায় ফিরতাম, মনের অজান্তেই দেখতাম বেশ হালকা লাগছে!
এমন বিকালগুলো দাম দিয়ে কেনা যায় না! এমন বিকালগুলো অমূল্য হয়! জানি না কবে আবার এমন বিকালের সাক্ষী হতে পারব। প্রাণ ভরে প্রার্থনা করি এমন সূর্যাস্ত যেন দ্রুতই আমাদের জীবনে চলে আসে।হ
এখনকার গুমোট মহামারীর দিনগুলো যেন কেমন গম্ভীর-মনমরা। বাসা থেকে বের হওয়া নিষেধ। দেখাও যায় না এমন অতি ক্ষুদ্র অস্তিত্ব আমাদের রীতিমতো ভয় দেখিয়ে বেড়াচ্ছে। অথচ,...
