শূন্যে বয়ে চলা মৃদু বাতাসের তালে তালে অবিরাম ঘুরছে জীবনের চাকা। উদাস মনের স্বপ্নগুলো ডানা মেলে উড়ে বেড়ায় প্রকৃতির নিঃসীম শূন্যে। বাতাসের কানে ফিসফিস করে কথা বলে ভেতর মানুষ। দেয়াল টপকে ওপারে যাওয়ার পথ খোঁজে সারাক্ষণ। বিলের বুকে ফোঁটা শত সহস্র শাপলার সাথে বন্ধুত্ব গড়ে তুলে, নিঃশব্দে মনের কথাগুলো বলে যায় সময়ে সুযোগে। মরুবৃক্ষের মাঝে প্রাণের স্পন্দন শুনে, নিথর দেহে খোঁজে প্রাণের উন্মেষ। প্রেমের আশায়, ভালোবাসার টানে ছুটে চলে জীবন পথের বাঁকে বাঁকে। জীবনের লাগাম টেনে ক্লান্ত হওয়া পথিক কখনো ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়ার পিছু নেয়। হৃদয়ের আরশিতে ভেসে ওঠা মানুষের মুখে চিলতে হাসির ঝিলিক ফোটাবার সৌভাগ্যে যারা হাসিল করে তারা খোঁজে মনের আঙিনায় যাতায়াতকারী প্রিয়জনদের মুখ।
জীবনের রঙ্গমঞ্চে কেউই একলা চলার মানুষ নয়। সবাই চায় হেসে খেলে জীবনের দিনগুলো ফুরিয়ে বেলা ফুরাবার কালে হাসিমুখে মিশে যাবে রাতের আঁধারে। চাঁদের আলোতে আবারও দেখা মিলার আশায় দিবসকে বিদায় জানায়। গল্পের আসরে বসে রাত ফুরিয়ে ফজরের আজান শুনার অভিজ্ঞতা বহুবারের। বন্ধুর মুখের কিঞ্চিত হাসি দেখার জন্য কত রাতকে বিদায় জানাতে হয়েছে। হালকা ঝিমিয়ে সান্ত¡না পেতে বাধ্য হয়েছে ঘুম রাজ্যের পুতুল চোখ দুটো। কালের শত অভিমানের পরও বন্ধুর মুখ পানে চেয়ে কেটে গেছে জীবনের কত অধ্যায়। কালের আবর্তে মানুষ সব কিছু হারাতে জানে। সময়ের দাবি না মেনে উপায় নেই। আপন যতই আপন হোক তাকেও পর করতে হবে একদিন। প্রিয়র সান্নিধ্যে বসার ফুরসতটুকুও বাকি থাকবে না তখন। ব্যস্ত জীবন মানুষের সব কিছু বদলে দিতে পারে। নিঃস্বার্থ মানুষকেও স্বার্থপর বানিয়ে ছাড়ে। ইদানীং এসব চিন্তায় মাথা জ্যাম হয়ে থাকে। মাঝে মধ্যেই আঁতকে ওঠে ভেতর মানুষ। এতদিনের সম্পর্কের সামনে পর্দা টেনে দেয়ার জন্য এক বিদায় শব্দই নাকি যথেষ্ট। জীবনের সব স্বাদকে বিষাদে পরিণত করা তার এক মুহূর্তের ব্যাপার। যুগের পর যুগ চলে যাবে,কালের গর্ভে কাল বিলীন হয়ে যাবে তব্ওু দেখা মিলবে না প্রিয় সঙ্গী সাথীর। দিগন্তের বুক চিড়ে সূর্য বেরিয়ে আসবে প্রতিদিন, দিন শেষে সন্ধ্যা উঁকি দিয়ে চাঁদের আলোয় আলোকিত হবে আঁধার রজনী, শুধু দেখা মিলবে না সেই চিরচেনা মুখগুলোর, দেখা মিলবে না ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের। যাদের দেখে জীবনের সব দুঃখ ভুলে থেকেছি। সুখের আশায় সোনালি জীবনের গল্প এঁকেছি। আহ, আমি বড্ড একা! এ কেমন জীবন!