আজকের পত্রিকা

পশ্চিম তীর, পূর্ব জেরুসালেমের মতো গাজাও ফিলিস্তিনিদের : এরদোগান

পশ্চিম তীর, পূর্ব জেরুসালেমের মতো গাজাও ফিলিস্তিনিদের : এরদোগান
পশ্চিম তীর, পূর্ব জেরুসালেমের মতো গাজাও ফিলিস্তিনিদের : এরদোগান

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেমের মতো গাজা উপত্যকাও ফিলিস্তিনিদের বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। গাজার ফিলিস্তিনিরা চিরকাল তাদের জন্মভূমিতে বসবাস করবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর করা মন্তব্যে এরদোগান বলেন, পূর্ব জেরুসালেম এবং পশ্চিম তীরের মতোই গাজাও ফিলিস্তিনিদের।

ইনশাআল্লাহ, আমাদের গাজার ভাই-বোনেরা চিরকাল তাদের জন্মভূমিতে বসবাস করতে থাকবে যেখানে তারা জন্মগ্রহণ করেছে। এরদোগান উল্লেখ করেন, গত ১৮ এপ্রিল তুরস্কে আয়োজিত ‘ফিলিস্তিনের পক্ষে সংসদীয় গ্রুপের’ বৈঠকও তুরস্কের ফিলিস্তিন ইস্যুতে অবস্থানকে বিশ্বের সামনে স্পষ্ট করে দিয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থন বিশ্বজুড়ে সুপরিচিত।

এরদোগান আরো বলেন, ফিলিস্তিনি জনগণ বারবার প্রমাণ করেছে, সব ধরনের কঠোরতা ও নৃশংসতার মুখেও তারা কখনোই আত্মসমর্পণ করবে না, নিজেদের মাতৃভূমি ত্যাগ করবে না এবং দমন-পীড়নের কাছে মাথানত করবে না। তিনি উল্লেখ করেন, গত ১৮ মাস ধরে গাজা বিশ্ববাসীকে একদিকে যেমন ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যার সাক্ষী করেছে, তেমনি অন্য দিকে মানবতার গর্ব করার মতো এক মহাকাব্যিক প্রতিরোধের নজির স্থাপন করেছে। গাজায় ইসরাইলের বর্বরতার কঠোর সমালোচনা করে এরদোগান বলেন, রক্তপাত ও মানবিক সহায়তা বন্ধ করে সেখানে কিছুই অর্জন করা সম্ভব নয়। তিনি বলেন, আরো শিশু হত্যা করে, মানুষকে অনাহারে, তৃষ্ণায় ও ওষুধের অভাবে রেখে গাজায় কোনো সমাধানে পৌঁছানো যাবে না। এখন সময় এসেছে সবাই যেন তা উপলব্ধি করে।

প্রেসিডেন্ট এরদোগান সবাইকে আহ্বান জানান, যেন তারা ‘নিজেদের শুভবুদ্ধির কাছে ফিরে আসে’ এবং অঞ্চলে স্থিতিশীলতার জন্য তৈরি হওয়া সুযোগগুলো হেলায় নষ্ট না করে। তিনি বলেন, আমাদের সব কথাবার্তা এ অঞ্চলটির শান্তি, নিরাপত্তা ও সব জনগোষ্ঠীর সহাবস্থানের জন্য। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাব।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ