খবর
বিভিন্ন বিষয়ে প্রকাশিত খবরের মধ্যে চলতি বছরে ইন্টারনেটে পাঠকদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল আফগানিস্তান নিয়ে। পাশাপাশি চাহিদা ছিল কোভিডের টিকা এবং আলোচিত ডোজকয়েন নিয়েও। চলতি বছরে ক্রিপ্টোকারেন্সির বাজারে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বক্তব্যের প্রভাব পরিলক্ষিত হয়েছে বিভিন্নভাবে। এলন মাস্কের বক্তব্যেই ওঠানামা করেছে বিটকয়েন আর ডোজকয়েনসহ বিভিন্ন ডিজিটাল মুদ্রার বাজারমূল্য। গুগলে সবচেয়ে বেশিবার সার্চ করা খবরের বিষয়বস্তুর তালিকার শীর্ষ পাঁচে ছিল আফগানিস্তান, এএমসি স্টক, কোভিড ভ্যাকসিন, ডোজকয়েন ও জিএমই স্টক-নির্ভর খবর।
খেলাধুলা
চলতি বছরে সার্চ তালিকার একাধিক শ্রেণীর শীর্ষস্থান দখল করেছে খেলাধুলা সংশ্লিষ্ট নানা বিষয়। সব বিষয়ে বৈশ্বিক সার্চ তালিকার শীর্ষ পাঁচের সবগুলোই খেলাধুলা-বিষয়ক। এর মধ্যে ছিল অস্ট্রেলিয়া বনাম ভারত, ভারত বনাম ইংল্যান্ড, আইপিএল, এনবিএ এবং ইউরো ২০২১ নির্ভর সার্চ। চলতি বছরে খেলাধুলার দলের মধ্যে ক্লাব ফুটবলের শীর্ষ দলগুলো নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহ ছিল বেশি। তালিকার শীর্ষ পাঁচের সবগুলো অবস্থানই আছে বিভিন্ন ক্লাবের দখলে : রিয়াল মাদ্রিদ সিএফ, চেলসি এফসি, প্যারিস সেইন্ট-জার্মেইন এফসি, এফসি বার্সেলোনা ও পালমেইরাস।
তারকা
তারকা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশিবার সার্চের তালিকায় শীর্ষে আছেন হলিউড তারকা অভিনেতা অ্যালেক বল্ডউইন। ওয়েস্টার্ন সিনেমা ‘রাস্ট’-এর শুটিং চলাকালীন শুটিংয়ে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের গুলিতে মারা যান সিনেমাটোগ্রাফার হেলিনা হাচিনস। সে সময় অস্ত্রটি ছিল বল্ডউইনের হাতেই। আর ম্যাগজিনে ডামি গুলি থাকার কথা থাকলেও হাচিনস আহত হওয়ার পর আবিষ্কৃত হয়, ডামি নয়, আসল গুলিই ছিল ম্যাগজিনে। হাচিনসের মৃত্যুর ঘটনায় খবরের শিরোনাম হন বল্ডউইন। ওই একই তালিকার শীর্ষ তিনে আছেন শাহরুখপুত্র আরিয়ানও। তালিকার শীর্ষ পাঁচে আছেন- অ্যালেক বল্ডউইন, পিট ডেভিডসন, আরিয়ান খান, জিনা কারানো ও আর্মি হ্যামার।
খাবার
অবাক করার বিষয় হলো- সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশিবার খোঁজা তারকা ব্যক্তিদের মধ্যে পশ্চিমা অভিনেতাদের আধিপত্য থাকলেও, সবচেয়ে বেশি সার্চকৃত খাবারের তালিকাটিকে আন্তর্জাতিক বলা যায়। তালিকায় স্থান পেয়েছে পূর্ব এশিয়া থেকে শুরু করে উত্তর আমেরিকাসহ বিভিন্ন দেশের খাবার। এর মধ্যে রয়েছে- বিরিয়া টাকো, নাসি গোরেং, ফেটা পাস্তা, শার্কুটারি বোর্ড ও শোগাইয়াকির মতো খবার।
মুভি
গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে যে মুভিগুলো নিয়ে, সেই তালিকায় মার্ভেল মুভিগুলোর উপস্থিতি লক্ষণীয়। এই তালিকায় রয়েছে- ইটার্নালস, ব্ল্যাক উইডো, ডুন, শাং চি অ্যান্ড দ্য লিজন্ডে অব টেন রিংস ও রেড নোটিস। মুভির পাশাপাশি গুগলে এ বছর যে সিরিজগুলো নিয়ে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে, সেই তালিকাতেও আছে মার্ভেল স্টুডিওর একাধিক প্রযোজনা।