আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ এ বাণিজ্য সংগঠনের ২০২২-২০২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটি নির্বাচন নিয়ে ইতোমধ্যেই প্রচার-প্রচারণা শুরু হয়েছে। প্যানেল ঘোষণাও শেষ হয়েছে। দুই বছর মেয়াদে ১১টি পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘সিনার্জি স্কোয়াড’ প্যানেল
বেসিসের ২০২২-২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটি নির্বাচনে প্রজ্ঞা ও তারুণ্যের সমন্বয়ে ১০ সদস্যের প্যানেলরূপে নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে ‘সিনার্জি স্কোয়াড’। ‘সবকিছুর কেন্দ্রে সদস্যরা, এক সাথে গর্জাব আমরা’ এই স্লোগান ধারণ করে দেশে ও বিশ্ববাজারে বাংলাদেশের আইসিটি সক্ষমতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে এবং সংগঠনের সদস্যদের সাথে নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নেতৃত্ব প্রদানের পথ সুগম করার প্রত্যয়ে একতাবদ্ধ সিনার্জি স্কোয়াড’।
‘সিনার্জি স্কোয়াড’-এর সদস্যরা হলেন মোস্তাফিজুর রহমান সোহেল, ম্যানেজিং ডিরেক্টর, অ্যাডভান্সড ইআরপি (বিডি) লিমিটেড, ইমরান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, ইওয়াইহোস্ট লিমিটেড, রাশেদ কামাল (জেনারেল), ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, দি ডাটাবিজ সফটওয়্যার লিমিটেড, মীর শাহরুখ ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেড, সৈয়দা খাদিজা দীনা, ম্যানেজিং ডিরেক্টর, জেড এস সলিউশনস লিমিটেড, হাবিবুল্লাহ্ এন করিম, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, টেকনোহেভেন কোম্পানি লিমিটেড, রাশাদ কবির, ম্যানেজিং ডিরেক্টর, ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড, মুশফিকুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং লিমিটেড, মুহম্মদ রিসালাত সিদ্দীক, অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড এবং মো: মঞ্জুরুল হক, ম্যানেজিং ডিরেক্টর, মাইহেলথবিডি।

‘ওয়ান টিম’ প্যানেল
এবারের বেসিস নির্বাচনে ১০ সদস্যের প্যানেলে অংশ নিয়েছে ‘ওয়ান টিম’। ‘এভরি মেম্বার মেটার্স’ প্রত্যয় নিয়ে প্যানেলটির নেতৃত্বে আছেন টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেসিসের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ।
ওয়ান টিমের ১০ সদস্যের প্যানেলের অন্য সদস্যরা হলেন- গিগা টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বেসিসের সাবেক পরিচালক সামিরা জুবেরি হিমিকা, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজওয়ানা খান; টেকনোগ্রাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও একেএম আহমেদুল ইসলাম বাবু; এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু দাউদ খান; চালডাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিওও জিয়া আশরাফ; জামান আইটির চেয়ারম্যান ও সিইও জামান খান; মাইন্ডল্যাবজের ব্যবস্থাপনা অংশীদার ও সিইও সুজাদুর রহমান। এ ছাড়া সহযোগী বিভাগে রয়েছেন ড্রিমার্জ ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানভীর হোসেন খান এবং অধিভুক্ত বিভাগে পাঠাও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফাহিম আহমেদ।
নির্বাচন নিয়ে রাসেল টি আহমেদ-বলেন, ‘বেসিস ব্র্যান্ড তথা বেসিসের পতাকাকে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সুউচ্চ মর্যাদায় তুলে ধরতে আমি সর্বাত্মক ভূমিকা রাখার চেষ্টা করেছি। সেই সাথে এই খাতের উন্নয়নে সরকারের সাথে বিভিন্ন নীতিমালা তৈরি, তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি আদায়, মেম্বার স্বার্থ রক্ষা, ডিজিটাল বাংলাদেশ নীতিমালা প্রণয়ন, ডিজিটাল ওয়ার্ল্ড, ইন্টারনেট উইকের মতো বিভিন্ন সম্মেলন, দেশে বিদেশে বিনিয়োগ সম্মেলন এবং কান্ট্রি ব্র্যান্ডিয়ের নানা উদ্যোগকে সফলভাবে বাস্তবায়নে আমরা সম্মিলিতভাবে কাজ করেছি।’ ওয়ান টিম প্যানেল সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ড়হবঃবধসনফ.পড়স ওয়েবসাইট থেকে।