বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন হুমকির কথা জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকআফি। ‘স্পাইলোন’ নামের ম্যালওয়ারের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যাংক হিসাব থেকে অর্থ চুরি করার পাশাপাশি তাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে হয়রানি ও ব্ল্যাকমেইল করার ঘটনা বেড়েই চলেছে। এই ম্যালওয়ারের শিকার হয়েছে অন্তত ৮০ লাখ স্মার্টফোন। এই ম্যালওয়ারযুক্ত ক্ষতিকর অ্যাপগুলো গুগল প্লেস্টোরে পাওয়া যাচ্ছে। এগুলো পরিচিত আর্থিক প্রতিষ্ঠানের নাম, লোগো, রঙ ও নকশা নকল করে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা প্রতারণার শিকার হন।
ম্যাকআফি জানিয়েছে, এসব তথ্য দিয়ে ব্যবহারকারীকে ব্ল্যাকমেইল করার পাশাপাশি তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতেও ব্যবহৃত হচ্ছে। অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি বা ভিডিও তৈরি করা হয়, যা ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়।
স্পাইলোনযুক্ত ভুয়া এই অ্যাপগুলো ব্যবহারকারীর ডিভাইসে ইনস্টল হওয়ার পর তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্য, কর্মস্থলের বিবরণ এবং ফোন সম্পর্কিত অন্যান্য তথ্য জমা দিতে বলা হয়। এসব তথ্য ভুক্তভোগীর ডিভাইস থেকে সরাসরি চুরি করা হয়।