এশিয়া অঞ্চলের (ঢাকা সাইট) আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং কনটেস্ট আইসিপিসি ২০২৪ (ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট-২০২৪) এ সর্বাধিক সাতটি সমস্যা সমাধান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাস্ট ফ্যানাটিকস দল। সাতটি সমস্যা সমাধান করে প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউ সিঙ্গুলারিটি এবং ছয়টি সমস্যা সমাধান করে দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউ প্রিমরডিয়াস দল। বেস্ট গার্লস টিম হওয়ার গৌরব অর্জন করেছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির আইইউটি ক্রোনিক ওভারথিংকার্স দল আর স্বাগতিক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিআইইউ স্ট্রিগউর দল দশম স্থান অধিকার করে। চ্যাম্পিয়ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাস্ট ফ্যানাটিকস দলের সদস্যরা হলেন- আলফে সানী, নাঈম ও আবু কাউসার মো: গোলাম সারওয়ার। প্রথম রানারআপ ঢাকা বিশ^বিদ্যালয়ের ডিইউ সিঙ্গুলারিটি দলের সদস্যরা হলেন- সাকিব হাসান, ইয়ামিন কায়সার ও উজান সমাদ্দার। আর দ্বিতীয় রানারআপ ঢাকা বিশ^বিদ্যালয়ের ডিইউ প্রিমরডিয়াস দলের সদস্যরা হলেন- মো: ইব্রাহিম, আসিফ যাওয়াদ ও মুনাওয়ার সাবিল মুহিত।
গত শনিবার ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আইসিপিসির ইতিহাসে এটিই এ যাবৎকালের সর্ববৃহৎ অন সাইট কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা যেখানে বাংলাদেশের ১৪৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আইটি ইনস্টিটিউটের ৩০৬টি দল (প্রতিটি দলে তিনজন করে প্রতিযোগী) অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ২০২৫ সালে অনুষ্ঠিত আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালসের মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় এবং ডাচ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের টেকনিক্যাল ও হার্ডওয়্যার সহযোগিতায় বাংলাদেশে পৃথিবীর বৃহত্তর পরিসরে এ মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছে।