ইতালির হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে খেলবেন ইংল্যান্ডের সাবকে ক্রিকেটার জেড ডার্নবাক। আগামী মাসে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ইতালির হয়ে মাঠ মাতাবেন ৩৫ বছর বয়সী পেসার ডার্নবাক। মাতৃসূত্রে ইতালিতে খেলার অনুমতি পেয়েছেন তিনি।
ইতালি ক্রিকেট দলের অধিনায়ক নর্দাম্পটনশায়ারের অলরাউন্ডার গ্যারেথ বার্গ। পাশাপাশি প্রধান কোচের দায়িত্বও পালন করবেন তিনি। তার সহকারী হিসেবে থাকবেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ওয়াইজ শাহ।
কোভিড-১৯ পরিস্থিতিতে বিশ্বকাপের সাব-বাছাইয়ের ইভেন্টগুলো বাতিল হওয়ায় র্যাংকিংয়ের ভিত্তিতে অক্টোবরের বাছাই পর্ব খেলার সুযোগ পায় ইতালি। ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত নিউ জার্সি-জার্মানি ও ডেনমার্কের মুখোমুখি হবে ইতালি। এরপর শীর্ষ দুই দল বৈশ্বিক বাছাইপর্বের টিকিট পাবে।
২০১১ সালের জুনে ইংল্যান্ডের হয়ে প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নামেন ডার্নবাক। ওই দিনই ওয়ানডে অভিষেকও হয় তার। ২০১৩ সালে সর্বশেষ ওয়ানডে ও ২০১৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন তিনি।
২০১৪ সালের পর আর ইংল্যান্ডের হয়ে খেলেননি ১৯৮৬ সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া ডার্নবাক। এই তিন বছরে ইংল্যান্ডের হয়ে ২৪টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ডার্নবাক। ওয়ানডেতে ৩১টি ও টি-টোয়েন্টিতে ৩৯টি উইকেট নিয়েছেন তিনি।
গত কয়েক বছর ধরে ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি ক্রিকেটে অনিয়মিত থাকলেও সম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেট ও দ্য হান্ড্রেডে খেলছেন ডার্নবাক। চলতি মৌসুম শেষে সারে ক্লাবের সাথে চুক্তি শেষ হবে তার। এরপর ইতালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলবে ডার্নবাক।
সূত্র : বাসস






