টালমাটাল পাকিস্তান ক্রিকেট। আবারো নেতৃত্বে পরিবর্তন এসেছে দেশটির টি-টোয়েন্টি দলে। অধিনায়কত্বের ব্যাটন এবার উঠেছে ওপেনার সাহিবজাদা ফারহানের হাতে। সালমান আলি আগার নেতৃত্বে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর এবার নতুন অধিনায়কের অধীনে সাদা বলের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পাকিস্তান।
সোমবার সাহেবজাদা ফারহানকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়কত্ব হারানোর পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও বাদ পড়েছেন সালমান আলি আগা।
টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফও। তবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন তিনজনই।
সম্প্রতি এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন সাহেবজাদা। তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল দলটি। তবে স্বর্ণপদকের লড়াইয়ে ভারতের কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।
টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও ওয়ানডেতে নেতৃত্ব ধরে রেখেছেন শাহীন শাহ আফ্রিদি। এদিকে এশিয়ান গেমসের ফাইনালে ভারতের বিপক্ষে উইকেটের পেছনে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার উসমান খানকেও টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়া হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের জয়ের নায়ক হয়ে ওঠা রাজাউল্লাহও জায়গা পেয়েছেন দুই সংস্করণের দলে। ওই টেস্টে ৯টি ছক্কা মেরে আলোচনায় আসা এই ক্রিকেটার প্রথমবারের মতো সাদা বলের দলে ডাক পেয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ১১ ও ১৩ অক্টোবর।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে হবে প্রথম তিনটি ম্যাচ। এরপর বাকি লিগ ম্যাচ ও ফাইনালের জন্য টুর্নামেন্ট চলে যাবে লাহোরে।
পাকিস্তানের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল: সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, খাজা নাফে (উইকেটকিপার), মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, মুহাম্মদ ইমরান রন্দহাওয়া, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।
পাকিস্তানের ১৬ সদস্যের ওয়ানডে দল: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নওয়াজ, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।






