আজ মাঠে নামছে বাংলাদেশ- শিরোনাম এমনটা দিলেও মন্দ হয় না। খেলা যদিও আফগানিস্তান-শ্রীলঙ্কার, তবে বাংলাদেশের জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচটা। বলা যায় এশিয়া কাপে টিকে থাকার লড়াই।

মাঠে খেলবে শ্রীলঙ্কা-আফগানিস্তান, আর মাঠের বাহিরে লড়াইটা বাংলাদেশ আর শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের। অর্থাৎ আজ রশিদ খানদের বিপক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থনই পাচ্ছেন নিশানকারা।

চিরচেনা দ্বৈরথ ভুলে কেন শ্রীলঙ্কার সাথে মিশে যাচ্ছে বাংলাদেশ- তা আর অজানা নয়। নিজেদের স্বার্থেই লঙ্কানদের সাথে জুড়েছে টাইগাররা। আজ শ্রীলঙ্কার জয়ই কেবল পারে বাংলাদেশকে এশিয়া কাপে টিকিয়ে রাখতে।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে যাচ্ছে কোন দু’টি দল।

২০২৩ এশিয়া কাপেও এমন সমীকরণের মারপ্যাঁচে আটকা পড়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান। স্নায়ুক্ষয়ী সেই ম্যাচের শেষ দিকে বিশ্লেষকের ভুলে ২ রানে হেরে যায় আফগানরা! উঠতে পারেনি সুপার ফোরে।

৫০ ওভারের সংস্করণের জায়গায় এবার এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে। কিন্তু শ্রীলঙ্কা-আফগানিস্তান আবারো আটকা সেই একই গোলকধাঁধায়। তবে এবার বাংলাদেশের ভাগ্যটাও জড়িয়ে তাদের সাথে।

অবশ্য ইতোমধ্যে ২ ম্যাচ জিতে সুপার ফোরে এক পা প্রায় দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। অন্যদিকে সুপার ফোর নিশ্চিত করতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে আফগানিস্তানকে।

একইসাথে এই ম্যাচে জড়িয়ে রয়েছে লিটনদের ভাগ্যও। কারণ আফগানিস্তানের জয় মানেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাওয়া। যে কারণেই, নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আজ শ্রীলঙ্কার সমর্থক।

আজ যদি শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে কোনো অঙ্কই কষা লাগবে না, এমনিতেই শ্রীলঙ্কা ও বাংলাদেশ পৌঁছে যাবে সুপার ফোরে। কিন্তু সমস্যা বাধবে যদি আফগানিস্তান জিতে যায়।

যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে ১৫০ রান তোলে, তবে আফগানিস্তানকে সেটা ১১.৪ ওভারের মধ্যে তাড়া করতে হবে, অথবা আফগানিস্তান ১৫০ করলে, শ্রীলঙ্কাকে ৮৪ রানের নিচে গুটিয়ে দিতে হবে।

তাহলেই কেবল বাংলাদেশ জায়গা করে নেবে পরের রাউন্ডে। অন্যথায় আফগানিস্তানের জয় মানেই টাইগারদের দেশের বিমান ধরা।

টি-টোয়েন্টিতে মোট আটবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এর মধ্যে লঙ্কানরা জিতেছে ৫ ম্যাচে। আর আফগানদের জয় তিনটি।

এই পরিসংখ্যানই বাংলাদেশকে আশা দেখাচ্ছে। তানজিদ-তানজিমরা তাকিয়ে আছেন আসালাঙ্কাদের দিকে। অবশ্য ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা সান্ত্বনা দিয়েছেন বাংলাদেকে।

সমীকরণের প্রসঙ্গ টেনে বলেন, ‘প্রতিটি ম্যাচই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, বাংলাদেশের সমর্থকরা আমাদের জয়ের জন্য অপেক্ষা করছে। আমরাও জয়ের লক্ষ্যেই মাঠে নামব।’