এই তো সে দিন সাতসকালে
ঠিক বাজারের মোড়ে
গান ধরেছেন মফিজ মিয়া
কণ্ঠ ছেড়ে জোরে।

ক্যান ধরেছেন? বললে তিনি
দেন বাড়িয়ে আরো
যখন থামেন শেষ করেছেন
গানও গোটা বারো।

উত্তরও দেন মুচকি হেসে
গানের সুরে সুরে
মনটা ভালো গান করে তাই
বেড়ান ঘুরে ঘুরে।

কিন্তু কারণ ভিন্ন সবাই
আঁচ করেছে আগে
সত্য কথা বলুন সেটাই
শুনতে ভালো লাগে।

আসল খবর শুনেই হাসির
রোল পড়ে যায় ঠিকÑ
মেলায় যাবে বউ তিনি তাই
পাগল সাময়িক।