আবুল মিয়া বেজায় খুশি
আনন্দে লাফ মারে তাই
কী কারণে লাফাচ্ছে সে
বলার মতো সময়ও নাই।
লাফের সাথে চলছে হাসি
কেউবা বলে পাগল তাকে
যে যাই বলুক আবুল মিয়া
নিজের কাজে মগ্ন থাকে।
প্রশ্ন করেও যায় না জানা
তারপরও ঠিক চেষ্টা চলে
লাফ ও হাসির কারণটা কী
জানতে হবে ছলে বলে।
কষ্টে অনেক পেলাম খুঁজে
কারণ আমি সেদিন রাতে
আবুল মিয়ার বই নাকি ফের
আসবে এবার বইমেলাতে।
সেই কারণে লাফালাফি
চলছে এবং চলবে আরো
না যদি হয় বিক্রি সে বই
থামবে তখন বলতে পারো।
