ভাতা
করল বাজেট আবুল এবার
বৈশাখ আসার আগে
দুইটা শাড়ি বউকে দেবে
বউ যাতে না রাগে!
একটা জামা খোকন সোনার
একটা জামা শালীর
লাল রঙের এক পাঞ্জাবি ঠিক
কিনতে হবে মালীর।
দুই ইলিশে কাজ হবে না
কিনবে জানেন ক’টা?
বউ বলেছে কমটি হলেও
লাগবে এবার ছ’টা।
ছয়টা ইলিশ দুইটা জামা
পাঞ্জাবি আর শাড়ি
নাই বাজেটে নিজের কিছু
দেয় না টাকায় পাড়ি।
চিন্তা কিসের বউ হেসে কয়
দাও না দেখি খাতা
পাচ্ছ বেতন সাথে আবার
বৈশাখীও ভাতা!
মেলা
লালপেড়ে সাদা শাড়ি
খোঁপা ভরা ফুল
কপালেতে টিপ পরা
কানে জোড়া দুল।
হাত ভরা চুড়ি আর
গলা ফুলে ফুলে
তরুণীরা দল বেঁধে
চলে হেলেদুলে।
হৈ আর হুল্লোড়ে
কাটে সারাবেলা
ঘুরেফিরে আসে যবে
বৈশাখী মেলা।
