বলতো বাবা আদর করে
কিংবা করে শাসন
মনটা দিয়ে পড়লে ঠিকই
মিলবে উঁচু আসন।
পরীক্ষাতে প্রথম হলেই
পাবে তুমি সেটাÑ
বলবে তোমায় লোকে তখন
সাবাস বাপের বেটা।
ছেলের ফলাফলে বাবার
বাড়বে ঠিকই মান
হাঁটবে বাবা রাস্তা দিয়ে
বুক করে টান টান।
কিন্তু আবার ক্ষেত্র বিশেষ
নাই প্রথমের দামÑ
কও তো দেখি দুর্নীতিতে
বাড়বে কি সুনাম?
ঠিক তেমনি জ্যামের শহর
ঢাকার কথা শোনো
বিশ্বজুড়ে নম্বরে এক
নয় বড় অর্জনও!
নম্বরে হোক এক বা শতক
যায় আসে কার বলোÑ
কমবে এ জ্যাম ঠিক যদি সব
আইন মেনে চলো।
