বাবা আমার শ্বশুরবাড়ি
পেলাম এমন মধুর হাঁড়ি
মিটাও দাবিদাওয়া,
মৌসুমি ফল বেশি করে
দিতে হবে ঘরটা ভরে
তাই তো আসা-যাওয়া।

ভালোই আছি খবর নিও
ইফতারিটা জলদি দিও
শ্বশুরবাড়ির জন্য,
সবাই নতুন কাপড় পেলে
ঈদের সেমাই লাচ্ছা খেলে
বলবে বাবা ধন্য।

নইলে তুমি ছোট হবে
বাজেট আমায় দিলো সবে
দেখেই মাথা নষ্ট,
হায়রে কপাল পাষাণ স্বামী
খুব অসহায় বাবা আমি
বুঝি তোমার কষ্ট।

এমন ঘরে দিলে বিয়ে
স্বামীর আদেশ মানতে গিয়ে
চাপ তোমাকে দিচ্ছি,
আর পারি না সইতে জ্বালা
এ সংসারে কাঁটার মালা
কখন বিদায় নিচ্ছি!