দামের লাগাম সাধ্যতে নেই
আয় কিবা ব্যয় বাধ্যতে নেই
বাড়ছে গ্যাসের বিলও
আগের মতো বউয়ের সাথে থাকছে না ভাই মিলও।

গিন্নি বলে শান্তিতে নেই
আমি বলি ক্লান্তিতে নেই
বসি ধারে কাছে
লক্ষ্মী সোনা সবুর করো তোমার বাজেট আছে।

ভালোবাসা বিচ্ছেদে নেই
গিন্নি আমার আর জেদে নেই
থাকো আমার ঘরে
গয়না শাড়ি কিনে দেবো আর কিছু দিন পরে।

আমার দেহরক্ষীটি নেই
তোমার মতো লক্ষ্মীটি নেই
একটা কথা শোনো
খড়ির চুলায় রাঁধো ক’দিন উপায় খুঁজি কোনো।

বউয়ের চেয়ে আর ছ্যাঁকা নেই
বসেই আছি তার দ্যাখা নেই
শূন্য নদীর তীরে
বউ যে গেল বাপের বাড়ি আসবে কবে ফিরে?