বাজার গেলেই দেখতে পাবেন
একটু যদি নজর দেন
দাম বেড়েছে পেঁয়াজ মিয়ার
না বাজিয়েই সাইরেন।
সঙ্গে রসুন পাল্লা দিয়ে
লাফ মেরেছে মার্কেটে
দামটা শুনে আমজনতার
যাচ্ছে মাথার তার কেটে।
কেউ মেরেছে লাফটা বড়
কেউবা আবার একটু কম
হাত বাড়ালেই যায় কেনা ঠিক
থাকলে নিজের বাড়তি দম।
যার থাকে না দম মোটেও
তার তো কিছু করার নাই
দাম বাড়াল আজকে যারা
তাদের কি কেউ ধরার নাই?
ধরলে তারাই বলবে বড়
গলায় খোলা ময়দানে-
কারণ ছাড়াই দামটা বাড়ায়
মানুষে না, শয়তানে!
