মশক
একক নাকি দশক?
যায় না গোনা সংখ্যা যে তার
নিজুত কোটি শতক,
ঘুম ভাঙাল চোখ রাঙাল
মারছি হাতে কতক।
কয়টা মারি এমন করে
বৃদ্ধি আরো চার গুণ,
ছোট বড় সবাই মিলে
দেখছি মশার কার্টুন।
রাতে না হয় মাফ করেছি
দিনের বেলা কামড়ায়,
ইচ্ছে করে মরিচ বেটে
লাগাই দিনে চামড়ায়।
ডেঙ্গুজ্বরে খাচ্ছ এখন
ওষুধ ব্যথানাশক,
মশার মতো হচ্ছে মানুষ
শোষক কিবা শাসক।
