রাজধানীর মুগদা হাসপাতাল থেকে পালিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল মান্নান খন্দকার (৪১) নামে এক করোনা রোগী। আদাবর এলাকায় ভাড়া বাসার সামনে গলায় ফাঁস দিয়েছেন তিনি।

শনিবার দুপুরে আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সকালে আদাবরের হোসেন হাউজিংয়ের একটি অ্যাপার্টমেন্টের পাশে কাঁঠাল গাছের থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুল মান্নানের লাশ উদ্ধার করা হয়। ওই অ্যাপার্টমেন্টের ১১ তলার ছাদের একটি রুমে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতেন এবং সেখানে কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন তিনি।

আবদুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে ১৫ জুন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই হাসপাতাল থেকে শনিবার রাতে পালিয়ে এসে তিনি গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত। তারা ওই অ্যাপার্টমেন্টের বাসায় আইসোলেশনে রয়েছে।

তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।