করোনা সংক্রমণ বৃদ্ধির মাঝেও ঈদ উপলক্ষে চলমান বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল করেছে সরকার। তবে ঈদের পর আবারো ১৪ দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে। চলমান বিধিনিষেধে কল-কারখানা চালু থাকলেও ঈদ পরবর্তী বিধিনিষেধের সময় এগুলো বন্ধ থাকবে।

মঙ্গলবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পরবর্তী কঠোর বিধিনিষেধের ক্ষেত্রে ২৩টি নির্দেশনা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে। এতে বলা হয়, সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিংমল/মার্কেটসহ সব দোকানপাট এবং সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে তা আরো সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত করা হয়। এর মধ্যে শিল্প-কারখানা খোলা রাখা হয়েছিল। আর আজ জারি করা প্রজ্ঞাপনে নতুন এই সিদ্ধান্তের কথা জানাল সরকার।

আগামী ২১ জুলাই বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এর এক দিন পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন বিধিনিষেধ জারি হয়ে বলবৎ থাকবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।