আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকায় সাইনবোর্ড টাঙিয়ে ও খুঁটি পুঁতে ৫৫ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিন-চারজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন জমির মালিকানা দাবিদার মো: সেলিম ফকির।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামের মৃত আবুল হাসেম ফকিরের ছেলে মো: সেলিম ফকির ও তার ভাই পৈতৃক ও দান সূত্রে কাশরগড় মৌজার ৫৫ শতাংশ জমির মালিকানা দাবি করে দীর্ঘ দিন ধরে ভোগদখলে রয়েছেন। তাদের দাবি, জমিটি তারা কারো কাছে বিক্রি করেননি।
অভিযোগে বলা হয়, প্রতিবেশী মৃত সুলতানের ছেলে মো: বাবুল মিয়াসহ কয়েকজন গত বুধবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। পরে তারা জমিতে সাইনবোর্ড টাঙিয়ে এবং খুঁটি পুঁতে দখলের চেষ্টা করেন। এতে বাধা দিলে সেলিম ফকির ও তার স্বজনদের গালগাল, ভয়ভীতি প্রদর্শন এবং খুন-জখমের হুমকি দেয়া হয় বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বিল্লাল হোসেন (৫০), মো: বাবুল মিয়াসহ (৩৫) পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো তিন-চারজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
সেলিম ফকির বলেন, ‘দান ও পৈতৃক সূত্রে আমরা ওই জমির মালিক। দীর্ঘ দিন ধরে ভোগদখলেও আছি। জমিটি কারো কাছে বিক্রিও করিনি।’ এ দিকে অভিযোগ অস্বীকার করে বাবুল মিয়া বলেন, ‘আমি কারো জমি দখল করিনি। সেলিম ফকিরদের জমি তাদের দখলেই রয়েছে।’
ভালুকা মডেল থানার ওসি মো: জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভালুকায় সাইনবোর্ড-খুঁটি পুঁতে জমি দখলের চেষ্টা
