কামরুজ্জামান চরফ্যাসন (ভোলা)
তেলের দাম বৃদ্ধির অজুহাতে ঢাকা-বেতুয়া চরফ্যাসন নৌরুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে এমভি তাসরিফসহ অন্যান্য লঞ্চের বিরুদ্ধে। এ নিয়ে যাত্রীদের মধ্যে ােভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
একাধিক যাত্রী জানান, তেলের দাম বাড়ার আগে এ রুটে ডেকের ভাড়া ছিল ৪০০ টাকা এবং সিঙ্গেল কেবিন ১২০০ টাকা। বর্তমানে এমভি তাসরিফসহ অন্যান্য লঞ্চে ডেকের ভাড়া ৬০০ টাকা এবং সিঙ্গেল কেবিনের ভাড়া ১৫০০ টাকা করা হয়েছে।
যাত্রীদের অভিযোগ, তেলের দাম বৃদ্ধির অজুহাতে তাদের ওপর ইচ্ছেমতো বাড়তি ভাড়ার বোঝা চাপানো হয়েছে। প্রায় পাঁচ লাখ মানুষের রাজধানীর সাথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এ নৌরুট। তাই পরিচালন ব্যয় ও যাত্রীসেবার মান বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।
চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, তেলের দাম যে পরিমাণ বেড়েছে, সে অনুযায়ী ভাড়া বাড়ানো যৌক্তিক। তবে এভাবে প্রায় দেড় গুণ ভাড়া বৃদ্ধি খামখেয়ালিপনা। তেলের দাম বৃদ্ধির পুরো বোঝা যাত্রীদের ওপর চাপিয়ে না দিয়ে যৌক্তিক ভাড়া ও মানসম্মত সেবা নিশ্চিত করা প্রয়োজন।
এমভি তাসরিফের স্থানীয় ম্যানেজার মাজহারুল ইসলাম সোহাগ বলেন, ভাড়া বৃদ্ধির বিষয়টি মালিকপ নির্ধারণ করেছে। এতে তাদের কিছু করার নেই।