পায়রা বন্দর (পটুয়াখালী) সংবাদদাতা 
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে ট্রলার বিকল হয়ে চার দিন ভাসতে থাকা ১৮ জেলেকে অত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্বজনদের পাঠানো একটি মাছ ধরার ট্রলারে করে তাদের উদ্ধার করা হয়।
ভোলার চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জের জোবায়ের এন্টারপ্রাইজের মৎস্য আড়তদার ফরহাদ হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, জেলেদের উদ্ধারে একটি ট্রলার পাঠানো হয়েছিল।
উদ্ধারকারী ট্রলারে থাকা বিকল ট্রলারের মালিক হানিফ মাঝির ভাই ফিরোজ রাঢ়ী জানান, তার ভাইসহ ১৮ মাঝিমাল্লাকে সোনারচর সংলগ্ন এলাকা থেকে অত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের চরফ্যাসনের হাজারীগঞ্জ ইউনিয়নের পাচকপাট স্লুইস গেট এলাকায় নেয়া হচ্ছে।
জানা যায়, গত শনিবার সাগরে মাছ ধরতে যান জেলেরা। পরদিন ট্রলারের পাখা ভেঙে গেলে সোনারচর ও রূপারচরের মধ্যবর্তী এলাকায় সেটি বিকল হয়ে নোঙর করে। মঙ্গলবার নেটওয়ার্ক পাওয়ার পর হানিফ মাঝি বিষয়টি আড়তদারকে জানান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে উদ্ধারের সহায়তা চাওয়া হয়।
তবে তিন নম্বর সতর্কসংকেতের মধ্যে উত্তাল সাগরে উদ্ধার অভিযান ঝুঁকিপূর্ণ হওয়ায় বুধবার পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে আড়তদারের পাঠানো ট্রলারে তাদের উদ্ধার করা হয়।