বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখায় মাধব গাঙ্গের ছড়ায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের গুরুতর অভিযোগে তদন্ত শুরু করেছে উপজেলা মৎস্য দফতর। গত বুধবার বিকেলে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল।
এর আগে গত ৯ সেপ্টেম্বর ছড়াটিতে তিকর রাসায়নিক কীটনাশক ছিটিয়ে মাছ শিকারের অভিযোগ ওঠে। এতে পুঁটি, টেংরা, বোয়ালসহ নানা প্রজাতির দেশীয় মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়। এ ঘটনায় প্রতিকার ও জড়িতদের কঠোর শাস্তির দাবিতে ১৪ সেপ্টেম্বর ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন স্থানীয়রা। এ ঘটনায় দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগের ভিত্তিতে মৎস্য কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়া হয়। মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল বলেন, বছরে অন্তত দুই-তিনবার একশ্রেণীর অসাধু ব্যক্তি এখানে বিষ দিয়ে মাছ শিকার করে বলে জানতে পেরেছি।