রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় নগদ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কারসহ ৪০ লাখ টাকার বেশি মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ভোর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মুখোশ পরা ১৫-১৬ জনের একটি দল পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও এসএস পাইপসহ বিভিন্ন অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা কলাপসিবল গেট ও ঘরের দরজা ভেঙে ব্যবসায়ী আবুল হোসেন (৬৫), তার স্ত্রী রানী বেগম (৫৮) ও ছেলে আল-আমিনকে (৩৫) মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের হাত-পা ও মুখ বেঁধে লুটপাট চালানো হয়। রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।