ক্রীড়া প্রতিবেদক
ফিফা প্রবর্তিত আসিয়ান কাপ ফুটবল। আরব কাপের আদলেই আসিয়ান অঞ্চলের দেশগুলোকে নিয়ে এই টুর্নামেন্ট করার সিদ্ধান্ত হয় ২০২৫ সালে। সাথে অতিথি দলেরও খেলার সুযোগ। আজ থেকে ইন্দোনেশিয়া ও হংকংয়ে শুরু হওয়া তিন গ্রুপের এই আসরে প্রথমে ছিল না বাংলাদেশের নাম। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথমে এন্ট্রি করেনি এই আসরে। পরে ভারত নাম প্রত্যাহার করলে সুযোগ হয় বাংলাদেশের। ব্রাজিলের সাথে ঘরের মাঠে ফিফা প্রীতিম্যাচ খেলার জন্যই ভারতের সরে যাওয়া। অন্য দিতে এশিয়ান কাপের প্রস্তুতির জন্য চীনও এই টুর্নামেন্টে খেলছে না। ফলে তাদের জায়গায় সুযোগ পেয়েছে পাকিস্তান। আজ হংকং ও ইন্দোনেশিয়ায় শুরু হওয়া এই আসরে অংশ নিচ্ছে ১৪ দল। বাংলাদেশ আছে ডিভিশন ওয়ানে। এই ডিভিশন ওয়ানেই আজ জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ মালয়েশিয়া। বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেরুলো বুন কার্নো স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। ৭৭ হাজার ১৯৩ জন দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়াম।
আসরের ‘এ’ গ্রুপে অন্য তিন দল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের চেয়ে র্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশ। তাই কোচ টমাস ডুলি নিজের দলকে আন্ডারডগ হিসেবেই অভিহিত করলেন। তবে অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, ‘যদি একটি বা দু’টি ম্যাচ জিততে পারি তাহলে সেটা হবে ভালো রেজাল্ট।’ খেলা দেখাবে টি স্পোর্টস।
ফিফা র্যাংকিংয়ে মালয়েশিয়া আছে ১৩৬-এ। বাংলাদেশের অবস্থান ১৮১। এ ছাড়া ইন্দোনেশিয়া ১১৮ ও সিঙ্গাপুর ১৪৬ এ অবস্থান করছে। এই র্যাংকিংই বলে দিচ্ছে জামাল-হামজারা কোথায় অবস্থান করছেন। এর পরও এই প্রতিপক্ষরা যে ধরাছোঁয়ার বাইরে নয়Ñ তা কিন্তু সর্বশেষ এশিয়ান কাপের বাছাই পর্বেই স্পষ্ট হয়েছিল। সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে ১-২ গোলে হারের পর সিঙ্গাপুরে গিয়ে ০-১ গোলে পরাজিত হওয়া। তাই কোচ টমাস ডুলিরও বক্তব্য, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ বেশ টাইট হবে। এরপর আজকের ম্যাচকে ঘিরে তার জবাব, মালয়েশিয়া আমাদের চেয়ে এগিয়ে। এর পরও তাদের সাথে ভালো ম্যাচ উপহার দেয়া আক্রমণ-পাল্টা আক্রমণে যদি ম্যাচটি জিততে পারি বা ড্র করতে পারি তাহলে তা সেটা হবে চমৎকার। বিশেষ করে জিততে পারলে খুবই ভালো হবে। জানান, ‘মালয়েশিয়াও ঠিক আমাদের মতোই চিন্তা করে। র্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলগুলোর বিপে খেলার সময় আমরা যেমন ভুটানের বিপক্ষে হারতে চাই না, মালয়েশিয়াও ঠিক একইভাবে আমাদের কাছে হারতে চায় না।’
আজকের প্রতিপক্ষ ছাড়াও অন্য দুই দলের বিপক্ষে ম্যাচটি বেশ টাফ হবে বলে উল্লেখ করলেন বাংলাদেশ কোচ জামাল ভূঁইয়াও। বাংলাদেশ দলের জন্য এই আসর মূলত সাফের প্রস্তুতি। জানান, ‘আমরা যদি এখানে এক-দু’টি ম্যাচ জিততে পারিÑ তাহলে সেটি সাফের প্রস্তুতির জন্য দারুণ হবে। সাফের তো আরো এক মাস সময় আছে।’ জামাল আরো উল্লেখ করেন, আমরা আরো আগেই ইন্দোনেশিয়ায় আসতে চেয়েছিলাম। কিন্তু ভিসা জটিলতায় আসতে বিলম্ব।
মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের পুরুষ ফুটবলে জয়ের ঘটনা একবারই। আর তা ১৯৮২ সালের দিল্লি এশিয়ান গেমসে। সে ম্যাচে লাল-সবুজরা ২-১-এ জিতেছিল। দুই দলের ১০ ম্যাচে বাংলাদেশের জয় ওই একটাই। আর সর্বশেষ ম্যাচে ২০২২ সালে এশিয়ান কাপের বাছাই পর্বে মালয়েশিয়া ৪-১ গোলে হারায় হাভিয়ার কাবরেরার দলকে। যদিও ২০১২ ও ২০১৫ সালে বাংলাদেশ ড্র করেছিল মালয়েশিয়ার সাথে। ২০১২ সালে ১-১-এ ড্র করার পর ২০১৫ সালে গোলশূন্যতে খেলা শেষ করা। সে হিসেবে আজ বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতেই পারে। গতকাল টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে কোচের জবাব, আমরা সেরাটাই দেয়ার চেষ্টা করব। ম্যাচ জয় সব সময়ই আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সে সাথে আমরাও বুঝতে পারব কোথায় অবস্থান আমাদের।
তবে এই গ্রুপে ইন্দোনেশিয়া যে খুবই শক্তিশালী তা ফের উল্লেখ করলেন টমাস ডুলি। জানান, আট বছর আগে আমরা ইন্দোনেশিয়াকে ৪-০তে হারিয়েছিলাম। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন ইন্দোনেশিয়া দলে বুন্দেসলিগা, নেদারল্যান্ডস ও ইতালিতে খেলা ফুটবলার আছে। এরা যথেষ্ট স্কিল ফুল ও কোয়ালিটি সম্পন্ন। তাই তাদের বিপক্ষে জয়ের আশা করছি না। তবে এই অভিজ্ঞতা কাজে দেবে সাফ ফুটবলে।
বাংলাদেশ দলে এখন হামজা চৌধুরী আছেন। নতুন যোগ হয়েছেন ফারহার আলী ওয়াহিদ। এ ছাড়া আরো প্রবাসীদের সাথে দেশী রাকিব, সাদ উদ্দিন, সোহেল রানারা দলের ভরসা। তাই সবার প্রত্যাশা বাংলাদেশ যেন ম্যাচে জিততে পারে। কোচও সমর্থকদের সেই চাহিদার কথা উল্লেখ করে বলেন, সবাই জয় চায়। তবে আমাদের বুঝতে হবে বাস্তবতা।
ইন্দোনেশিয়া পর্বের দুই গ্রুপের অপরটিকে আছে ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন ও পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ৫ অক্টোবর ফাইনাল খেলবে। একই দিন দুই গ্রুপের দুই রানার্সআপ দল তৃতীয় স্থানের জন্য লড়বে।
ডিভিশন টু এর ‘এ’ গ্রুপে আছে লাওস হংকং ও ব্রুনাই। আর ‘বি’ গ্রুপের তিন দল কম্বোডিয়া, মিয়ানমার ও পূর্ব তিমুর। ডিভিশন টুতে শুধুই গ্রুপ চ্যাম্পিয়নদের নিয়ে ফাইনাল ম্যাচ।
ফিকশ্চার
২৫ সেপ্টেম্বর বাংলাদেশ-মালয়েশিয়া
২৮ সেপ্টেম্বর বাংলাদেশ-সিঙ্গাপুর
১ অক্টোবর বাংলাদেশ-ইন্দোনেশিয়া
