কুমিল্লা প্রতিনিধি

ছেলে অপ্রতিম হত্যার ঘটনায় নিজের ও স্বামীর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
তিনি বলেন, আমার ছেলে তো মরেই গেছে, তাদের শাস্তি হলেও আমার কিছু যায় আসে না। কিন্তু তারা  যখন পাঁচ-দশ বছর পর সংশোধনাগার থেকে বের হবে, তখন আমি ও আমার স্বামী কি নিরাপদ থাকব?
তিনি আরো বলেন, অপ্রতিমের জন্য যে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করছে, তারাও কি নিরাপদ? যারা তাদের হয়ে লড়ছে, তারা কি তাদের ইন্ধন দেবে না? এরপর আর কত মায়ের বুক খালি হবে?
বুধবার তিনি সাংবাদিকদের একথা বলেন।
এ সময় তিনি বলেন, এমনও হতে পারে, শুধু আইফোনটার জন্যই তাকে মেরে ফেলেছে। আমার পরিবার বড়, আমরা ভাইবোন অনেক। অপ্রতিম ঈদে সালামি পেত, বিভিন্ন সময় অনেক কিছু পেত। তাদের মধ্যে এ ধরনের লোভও থাকতে পারে।
তিনি আরো সন্দেহ প্রকাশ করে বলেন, মাদকবিরোধী অভিযানের কারণেও আমার ছেলে টার্গেটের শিকার হয়ে থাকতে পারে। তুহিন গ্যাংয়ের কেউ আমার অভিযানে ধরা পড়েছিল। যারা তাদের মাদক সরবরাহ করত, তাদেরও আমার ওপর ােভ থাকতে পারে। কারণ তখন বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। এই সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কুবি শিক্ষিকা ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, মূলত আইফোন ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায়  চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তুহিন, ফাহাদ ও কামরুল আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।