সুনামগঞ্জের ছাতক ঘাটে স্বচ্ছ ও প্রকাশ্য টেন্ডার নিশ্চিত করার দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ইজারাদাররা। এতে ইজারাদার জুয়েল, মো: সুমন, মো: জালাল প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সুনামগঞ্জের ছাতক ঘাটের ইজারা প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক সাইফুলের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। এর মধ্যে রয়েছে, নির্ধারিত সময়ে ওপেন টেন্ডার না করে গোপন সমঝোতার মাধ্যমে ঘাট ইজারা দেয়ার চেষ্টা চলছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ঘাটকে কেন্দ্র করে ইজারাদারদের মধ্যে সঙ্ঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন ছাতক ঘাটের ওপেন টেন্ডার চলতি বছরের ১ থেকে ৭ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা যথাসময়ে করা হয়নি। এর পরিবর্তে ঘাটটি এক মাস করে বিভিন্ন পক্ষকে বুঝিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রক্রিয়ায় আর্থিক লেনদেন ও সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগও করেন তারা।
এ বিষয়ে পরিচালক সাইফুলের বক্তব্য জানতে চাইলে তিনি দাবি করেন, হাইকোর্টের মামলাটি ‘ব্রেকেট’ করার জন্য তিনি বিআইডব্লিউটিএর আইন শাখাকে নির্দেশ দিয়েছেন। তবে অভিযোগকারীদের দাবি, আইন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা এমন কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছেন- এমন তথ্য তারা পাননি। মানববন্ধনে ভুক্তভোগী ইজারাদার মোহাম্মদ জুয়েল ও মোহাম্মদ জালাল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সরকারি রাজস্ব সুরক্ষার দাবি জানিয়েছেন। বিজ্ঞপ্তি।











