রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে আহত ও দগ্ধদের চিকিৎসায় জরুরি ওষুধ সহায়তা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

মঙ্গলবার (২২ জুলাই) বেক্সিকো ফার্মার প্রতিনিধিরা বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য এই ওষুধ সহায়তা পৌঁছে দেন।

এই জাতীয় দুর্যোগ মোকাবিলায় বেক্সিমকো ফার্মা আহতদের চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ হাজার ৫০০ প্যাকেট ব্যাক্ট্রোব্যাক্স (মিউপিরোসিন) অয়েন্টমেন্ট এবং ১৫ হাজার ৫০০ প্যাকেট বার্নসিল অয়েন্টমেন্ট প্রদান করেছে।

রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এবং ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে দগ্ধদের চিকিৎসায় অতি প্রয়োজনীয় এই ওষুধগুলো পৌঁছে দেয়া হয়।

এ ধরনের ওষুধ দগ্ধ ক্ষতস্থানে সংক্রমণ রোধ এবং দ্রুত আরোগ্য সাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আহতদের চিকিৎসা ও সুস্থতার প্রক্রিয়াকে দ্রুততর করবে বলে আশা করা হচ্ছে।

জনস্বাস্থ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে বেক্সিমকো ফার্মা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশে থেকে সম্ভাব্য সর্বোচ্চ সহায়তা দেয়ার জন্য সবসময় সচেষ্ট রয়েছে।

জাতীয় দুর্যোগের মুহূর্তে বেক্সিমকো ফার্মা সবসময় দেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে এবং প্রয়োজনে আরো সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষের সাথে সমন্বয় অব্যাহত রাখছে।

সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন আহত হয়ে চিকিৎসা নেয়ার তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তি