ফেনীতে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে জামায়াতে ইসলামী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার বিকেলে শহরের দারুল ইসলাম সোসাইটি মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ঈদ উপহার বিতরণ করা হয়।
দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা আমির একেএম শামসুদ্দিন।
শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহমেদ। অনুষ্ঠানে জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুফ, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, অ্যাডভোকেট জামাল উদ্দিন ও শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।
এ সময় অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, শহীদদের রক্তকে বৃথা হতে দেয়া যাবে না। শহীদদের রক্ত যেন ব্যার্থ না হয় আমাদের সেজন্য সতর্ক থাকতে হবে। অনেক দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয় তা দেখতে হবে। আমাদের ঘুমানো যাবে না। সজাগ থাকতে হবে।
মুফতি আবদুল হান্নান বলেন, আল্লাহর হাবীব বলছেন, দুইটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, আরেকটা হচ্ছে বন্দার চোখ থেকে ঝরে পড়া পানি। এ শহীদদের মানুষ কিয়ামত পর্যন্ত ভুলবে না। যাদের রক্তের বিনিময়ে বৈষম্যমুক্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দ্বার উন্মোচিত হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে।
