নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই হত্যাসহ ১১ মামলার আসামি মো: নুরুল ইসলাম মিয়াকে (৫৪) গ্রেফতার করেছে । এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়ির একটি টিনের ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুল ইসলাম মিয়া ওই এলাকার মরহুম এলাহি বক্সের ছেলে।
পুলিশ জানায়, নুরুল ইসলামের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দু’টি হত্যা মামলাসহ মোট ১১টি নিয়মিত মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে পাঁচটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, নুরুল ইসলাম সূর্যনারায়ণবহর এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, ‘নুরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।’






