বিপ্লব ইসলাম লংগদু (রাঙামাটি)
দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তি, শক্তিশালী গোয়েন্দা নজরদারি ও মাঠে কঠোর তৎপরতার সমন্বয়ে বাহিনীটির সক্ষমতা আরো বাড়ছে।
জানা গেছে, সীমান্ত নিরাপত্তাকে আরো কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্ব দেয়া হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার প্রতিরোধে কঠোর অবস্থানের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের সুরক্ষায় বিশেষ নজর দিচ্ছে বিজিবি। এরই ধারাবাহিকতায় পার্বত্য জেলা রাঙামাটির লংগদু সীমান্তে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। দুর্গম পাহাড়ি এলাকায় প্রতিকূল পরিবেশের মধ্যেও সদস্যদের দায়িত্ব পালনে স্থানীয় অধিবাসীদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে।
জনবলনির্ভর পাহারার পাশাপাশি, ড্রোন, নাইট-ভিশন প্রযুক্তি, থার্মাল ক্যামেরা এবং ডিজিটাল নজরদারি ব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার করছে বিজিবি। দুর্গম পাহাড়ি এলাকায় রাতের আঁধারে বা বৈরী আবহাওয়ায় এসব প্রযুক্তিনির্ভর সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে সন্দেহজনক চলাফেরা শনাক্তকরণ ও দ্রুত অভিযান চালানো সহজ হচ্ছে। সীমান্তজুড়ে নিয়মিত অভিযান চালিয়ে মাদক, অস্ত্র ও চোরাচালানি পণ্য জব্দ হচ্ছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা এবং ত্রাণ বিতরণসহ নানা মানবিক কাজও করছে বিজিবি। এতে সীমান্তে সাধারণ মানুষের সাথে বিজিবির আস্থার সম্পর্ক গড়ে উঠেছে। একই সাথে সীমান্ত বিওপি পরিদর্শন এবং মতবিনিময়ের মাধ্যমে জওয়ানদের আবাসন, কর্মপরিবেশ ও পেশাগত সুযোগ-সুবিধা বাড়িয়ে মাঠপর্যায়ের কর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিজিবি ও বাহিনীর নেতৃত্বকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। সচেতন মহল বলছেন, একটি রাষ্ট্রীয় বাহিনী সম্পর্কে তথ্য প্রচারের আগে তা যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেয়া উচিত। ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণœ করা অনুচিত।
রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) জোন অধিনায়ক বলেন, বিজিবির নির্দেশনায় দুর্গম এলাকাগুলোতে সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সদস্যরা প্রতিকূল পরিবেশেও নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।



