নরসিংদীর ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী ১, ২, ৩ ও ৪ নম্বর জোনের সদস্যদের সমন্বয়ে আগামী চার বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার হোসেন।

শনিবার (৪ অক্টোবর) রাতে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। পরে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। 

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম। সহ-সভাপতি হয়েছেন জসিমউদ্দীন ভূঁইয়া (ভিপি জসিম) ও আইনুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মফিজুল ইসলাম ও বেনুজির আহমেদ। 

এ ছাড়া কোষাধ্যক্ষ মোতালিব হোসেন, ক্রীড়া সম্পাদক কাজী মাসুদ মিয়া, অডিটর সম্পাদক জাকির হোসেন জাহের, সাংস্কৃতিক সম্পাদক হাজী আফজাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক ডা: মো: শাহাদাত হোসেন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মজিবুর রহমান। কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ আবদুর রহমান ও এম এ মোমেন।

কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, মাধবদী বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মাধবদী বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং ব্যবসায়িক পরিবেশকে আরো নিরাপদ ও গতিশীল করতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।