কুমিল্লার দেবিদ্বারে শিবনগর গোমতী নদীর সেতুর পাশ থেকে আছমত আলী (৮৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আছমত আলী উপজেলার শাকতলা নয়া বাড়ির মরহুম হামি আলীর ছেলে।

জানা গেছে, গত এক সপ্তাহ আগে বালিবাড়ি গ্রামে তার মেয়ে রৌশনা আক্তারের বাড়িতে বেড়াতে যায় আছমত। পরে আজ ফজরের পর থেকে তিনি নিখোঁজ হয়ে যান। পরে দুপুরে তিন কিলোমিটার দূরে শিবনগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে হাফেজ ওবায়দুল্লাহ বলেন, ‘আমার বাবা গত এক সপ্তাহ আগে বোনের বাড়িতে বেড়াতে যান, আজকে ফজরের পর থেকে তিনি নিখোঁজ হন, পরে গোমতী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।’

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, ‘গোমতী নদী শিবনগড় সেতুর পাশে লাশ ভেসে আছে এমন খবরে ঘটনাস্থল থেকে নিহত আছমত আলীর লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল নিয়ে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এদিকে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।