একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করছেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তিনি।
বিএনপির নেতাকর্মীরা বলছেন কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবালের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণসংযোগে তার সাথে হাজার হাজার লোকের অংশ নেয়া সেটাই প্রমাণ করে।
গতকাল শুক্রবার ও আজ শনিবার বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর, দামপাড়া ইউনিয়নের দামপাড়া বাজার, সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার, ভাটিবরাটিয়া, গোড়াদিঘা ও ডুবি গ্রামে গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী ইকবাল।
এ সময় তিনি বলেন, এবারের নির্বাচন গণতন্ত্র উদ্ধারের নির্বাচন। বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে। নিকলী উপজেলা মৎস্য ভান্ডার হওয়ায় বিএনপি সরকার গঠন করলে এখানে মৎস্য অভয়াশ্রম করা হবে।
তিনি আরো বলেন, এছাড়াও কৃষি ও মৎস্য সম্পদের মাধ্যমে যুবকদের বেকারত্ব দূর করা হবে। নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বাজিতপুরের নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত নিকলী ও বাজিতপুর উপজেলা গড়তে বিএনপির বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
গণসংযোগে এসময় ধানের শীষের প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কফিল উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা অপু, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন আল কাইয়ুম, ডা. সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম আল মামুনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।















