নওগাঁর রানীনগরে আগাছানাশক (বিষ) ছিটিয়ে বর্গাচাষির ছয় বিঘা জমির ইরি-বোরো ধান নিধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর এলাকায়। এ ঘটনায় রানীনগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গছে, দুর্গাপুর গ্রামের ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ফেরদৌস হাসানের ছয় বিঘা জমি বর্গা নিয়ে একই গ্রামের সুমিতুলের ছেলে এনামুল, গেদুর ছেলে রবিন ও শহিদুলের ছেলে রেজাউল ইসলাম ধান চাষ করে আসছিলেন। চলতি মওসুমে তারা ইরি-বোরো ধান রোপন করে পরিচর্যা করছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা আগাছানাশক (বিষ) ছিটিয়ে তাদের ছয় বিঘা জমির ইরি-বোরো ধান নিধন করে। শনিবার বিকেল নাগাদ চাষিরা জমিতে গিয়ে দেখতে পান সব ধান মরে গেছে।