দীর্ঘ সাত বছর যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে পলাতক থাকার পর শেষ পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থেকে একই পরিবারের পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে র্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো: ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত গ্রেফতার আসামিরা হলেন জেলার সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকার মরহুম করিমের ছেলে লিটন মিয়া (৫১), তার স্ত্রী নাজমা বেগম (৩৮) এবং লিটন মিয়ার ছেলে মো: নাহিদ আলম (২২)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে ওয়ারেন্টভুক্ত আসামি হন এই মা-বাবা ও তাদের সন্তান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজ গ্রামের অবস্থান পরিবর্তন করে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে আত্মগোপনে ছিল এই পরিবারটি। গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের বুধবার রাতে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।











