যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেপরোয়া প্রাইভেটকারচাপায় নোয়াখালীর সোনাইমুড়ীর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম অনুভব খান মুন্না বরকত (২৪)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবগ্রামের মালের বাড়ির জালাল আহম্মদের ছেলে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে নিউইয়র্কের ম্যানহাটান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দেওটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আমিন শাকিল বিষয়টি নিশ্চিত করেন। নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরো জানান, গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে মুন্না মোটরসাইকেলে করে খাবার ডেলিভারি দেয়ার সময় একটি বেপরোয়া গাড়িচাপায় তিনি গুরুত্বর আহত হয়। পরে পুলিশ তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ম্যানহাটানের বেলভিউ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়রা ধারণা করছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শরিফ হোসেন জানান, মুন্না ম্যানহাটানে মোটরসাইকেলে করে খাবার ডেলিভারির কাজ করত এবং ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করত। গত তিন বছর আগে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। তার মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।