ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে বন্দি নুর আলম মনির (৪৫) নামে এক কয়েদি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

কারারক্ষী সুজন জানান, সোমবার রাতে কেন্দ্রীয় কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুর আলম মনির। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মৃত মনির কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন, যার কয়েদি নম্বর— ১৭৭৬/এ। তবে তিনি ঠিক কী মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পরিদর্শক হাবিবুর রহমান আরো বলেন, ‘কারাবিধি অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। এরপর ময়নাতদন্ত সম্পন্ন শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’